শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিরলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আতিউর রহমান

মার্চ ৩১, ২০২৬, ০৪:০০ পিএম

বিরলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিরলে আইনশৃঙ্খলা কমিটির সভা ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে বিরল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এই মাসিক সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

একই দিনে আইনশৃঙ্খলা সভার পাশাপাশি উপজেলা নন-জুডিশিয়াল ও জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি রোধকল্পে গঠিত কমিটি এ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে গঠিত টাস্কফোর্স কমিটির সভাও সম্পন্ন হয়। 

এ ছাড়া উপজেলায় চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ, সন্ত্রাস ও নাশকতা দমন এবং গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও তাদের নিজ নিজ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।সভায় বক্তারা ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা শৃঙ্খল রাখা এবং শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। 

বিশেষ করে অসুস্থ শিশুদের দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন করার পরামর্শ দেওয়া হয়। উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সব দপ্তরের সমন্বিত প্রচেষ্টার সিদ্ধান্ত গৃহীত হয় এই বৈঠকে।সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা আনিছুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ। এ ছাড়া প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, বিএমডিএ বিরল জোনের সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন ও ০৬ নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাহারুল ইসলাম এই আলোচনায় নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষা, মৎস্য, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক কর্মকর্তারাও সভায় তাদের মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। সভার শেষে উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে গৃহিত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।