বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সভা

মো: মামুনুর রশিদ

এপ্রিল ৪, ২০২৬, ০৯:৩৬ পিএম

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ এপ্রিল জেলা প্রশাসন দিনাজপুর চত্বরের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই সভার আয়োজন করা হয়। দিনাজপুরের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সভাটি সম্পন্ন হয়েছে।

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আবু তাহের সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং বিগত বছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব পাঠ করেন সমিতির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন আহমেদ। 

উপস্থাপিত প্রতিবেদন দুটির ওপর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নেন মোঃ শাহীন, আনিসুর রহমান, আব্দুল খলিল, জেসমিন আক্তার, মোঃ আব্দুর রহমান, মোশাররফ হোসেন ও মোঃ রহমত আলী। 

আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে হাত তুলে কণ্ঠ ভোটের মাধ্যমে বার্ষিক ও আর্থিক প্রতিবেদন দুটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। তিনি সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও ডেপুটি সমাজসেবা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। 

সভায় বক্তারা বলেন, দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডকে আরও আধুনিক ও শক্তিশালী করতে সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সাধারণ সদস্যদের অংশগ্রহণ ছাড়া সংগঠনের উন্নয়ন সম্ভব নয়।সভায় সমিতির বর্তমান অবস্থার হালনাগাদ তথ্যসহ নতুন তহবিল গঠন, সদস্যদের সঞ্চয় বৃদ্ধি এবং বকেয়া আদায় নিয়ে বিশদ আলোচনা করা হয়।

 সংগঠনের গঠনতন্ত্রের প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন বিষয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। এর পাশাপাশি নতুন বছরের বাজেট পর্যালোচনা, শেয়ার সার্টিফিকেট বিতরণ এবং পাস বই সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে নতুন সদস্য সংখ্যা বৃদ্ধি এবং শেয়ার সঞ্চয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

সভার একটি অংশে সদস্যরা দিনাজপুরের ঈদগাহ আবাসিক এলাকায় অবস্থিত সমিতির নিজস্ব ৩৩ শতক জমি পরিদর্শন করেন। সেখানে সমিতির পক্ষ থেকে নির্মিত পাকা ঘরসহ অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন তারা। পুরো সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমিতির নির্বাহী সদস্য মোঃ ফরিদ হোসেন। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সভাটি সফলভাবে সমাপ্ত হয় এবং আগামী দিনের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।