এপ্রিল ৫, ২০২৬, ১২:১৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় উৎসবটিকে বর্ণাঢ্য ও আনন্দঘন করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে পুরো বীরগঞ্জ উপজেলায় এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট সুধীজন সভায় অংশগ্রহণ করেন।
সভায় এবারের পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির চিরাচরিত ঐতিহ্যকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকসংগীত পরিবেশন। এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৈশাখী মেলা এবং তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হবে। নতুন প্রজন্মের মাঝে বৈশাখী চেতনা ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের ও সর্বজনীন উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উৎসবকে আরও প্রাণবন্ত ও সার্থক করে তুলতে হবে। তিনি উৎসব উদযাপনে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভা শেষে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। বীরগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন যেন অত্যন্ত সুশৃঙ্খল এবং আনন্দমুখরভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাঙালির এই নববর্ষ বরণ অনুষ্ঠানকে ঘিরে বীরগঞ্জে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন