এপ্রিল ৫, ২০২৬, ০৪:৩৩ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জ্বালানি সংকট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শিগগিরই ফুয়েল কার্ড ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত উপায়ে জ্বালানি বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। সভায় উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও ফিলিং স্টেশন বা তেল পাম্পের মালিকরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, বর্তমানে বীরগঞ্জে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনাও ঘটছে।
এই ভোগান্তি দূর করতে এবং জ্বালানির সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতেই ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে নির্ধারিত নিয়মে ও বৈধভাবে জ্বালানি সরবরাহ অনেক সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।সভায় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ফিলিং স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এদিকে উপজেলা প্রশাসন ও বীরগঞ্জ থানা পুলিশ ইতোমধ্যে গ্রাহকদের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সঙ্গে রেখে জ্বালানি সংগ্রহের আহ্বান জানিয়েছে। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে জ্বালানি খাতে দীর্ঘদিনের অস্থিরতা ও বিশৃঙ্খলা দূর হবে বলে মনে করছে সচেতন মহল। মূলত প্রকৃত গ্রাহকদের চাহিদা পূরণ এবং কালোবাজারি রোধেই এই ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা ভূমিকা রাখবে। দ্রুতই কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হবে বলে সভা থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন