বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

মোঃ আরিফ ইসলাম

এপ্রিল ৫, ২০২৬, ০৪:৪৯ পিএম

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

বীরগঞ্জে মাদকসহ আটক ৪ ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চার মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ সময় অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত যুবকরা হলেন উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের নিরন্ত রায়ের ছেলে সুশান্ত রায়, একই এলাকার ধনঞ্জয় সরকারের ছেলে কমল সরকার, নির্মল সরকারের ছেলে খোকন সরকার এবং ডহডা গ্রামের সাবেক ইউপি সদস্য হরমুজ আলীর ছেলে মো. লাজিম হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জগদল বাজার এলাকার সরকার মার্কেটে ক্যারাম বোর্ড খেলার আড়ালে মাদক সেবন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। 

এ সময় হাতেনাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সিগারেটের প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারের পর রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত চার যুবকের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা প্রদানের পর রাতেই তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ।

ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এমন অভিযান চললে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে।