এপ্রিল ৫, ২০২৬, ০৮:৪৯ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকট নিরসন ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ফুয়েল কার্ড প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখ থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো ব্যক্তি পাম্প থেকে পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ০৬ এপ্রিল থেকে ০৮ এপ্রিল পর্যন্ত ফুয়েল কার্ডের জন্য প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত এই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রহী চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আবেদন জমা দিতে পারবেন।
আবেদন প্রক্রিয়াটি সহজ করার লক্ষ্যে এলাকাভেদে তিনটি পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১, ২, ৩ ও ৪ নম্বর ইউনিয়নের বাসিন্দাদের আবেদন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রহণ করা হবে। এ ছাড়া ৫, ৬, VII ও ৮ নম্বর ইউনিয়নের আবেদন নেওয়া হবে উপজেলা ভূমি অফিসে।
৯, ১০, ১১ নম্বর ইউনিয়ন এবং পৌরসভার বাসিন্দাদের জন্য বীরগঞ্জ পৌরসভা কার্যালয়ে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আগ্রহী আবেদনকারীকে তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন পেপার, জাতীয় পরিচয়পত্র (NID) এবং পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এই আবেদনপত্রটি বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিশিয়াল ওয়েবপোর্টাল ও উপজেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।
সাধারণ যানবাহন ছাড়াও কৃষিকাজে ব্যবহৃত জেনারেটরের জন্য জ্বালানি নিতে বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে। অন্যদিকে উপজেলায় কর্মরত সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে তাদের নিজস্ব পেশাগত প্রত্যয়নপত্র দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ০৯ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত আবেদনকারীরা নিজ নিজ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে তাদের ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন।
উপজেলা প্রশাসন আরও স্পষ্ট করেছে যে, এই ফুয়েল কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালি চক্রের খপ্পরে না পড়ার জন্য সাধারণ মানুষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এই নতুন পদ্ধতি চালুর ফলে তেলের পাম্পগুলোতে অহেতুক জটলা ও বিশৃঙ্খলা দূর হবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।
মূলত জ্বালানির সুষ্ঠু বণ্টন ও সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমাতেই বীরগঞ্জ উপজেলা প্রশাসন এই ডিজিটাল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে। আগামী ১২ এপ্রিলের পর ফুয়েল কার্ড ছাড়া কেউ জ্বালানি তেল না পাওয়ার বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দিয়ে সবাইকে সময়মতো আবেদন করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে তেলের কালোবাজারি রোধ হবে এবং প্রকৃত চালকরা স্বাচ্ছন্দ্যে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন