বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ২ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মোঃ নূর ইসলাম

এপ্রিল ৫, ২০২৬, ০৮:৫৫ পিএম

দিনাজপুরে ২ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

হজ প্রশিক্ষণের উদ্বোধন ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯টায় শহরের শিশু একাডেমি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের আয়োজনে এই কর্মসূচি শুরু হয়। ৫ ও ৬ এপ্রিল এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে হজের বিস্তারিত নিয়ম-কানুন ও কারিগরি বিষয়গুলো তুলে ধরা হবে।

অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের ইমাম মাওলানা মো. মতিউর রহমান কাসেমী, মাওলানা মো. জুবাইর সাঈদ এবং ডেপুটি সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শাহ মুহাম্মদ শরীফ।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই হজযাত্রীদের নিরাপত্তা ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পুলহাট কালুপীর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম সরকার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহীদুল্লাহ।কর্মশালার প্রথম দিনে হজযাত্রীদের নিবন্ধনের প্রয়োজনীয় ধাপ ও হজের ওপর নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

আলোচনা সভায় হজের ধর্মীয় বিধিবিধান পালনের গুরুত্বের পাশাপাশি হজে গিয়ে হজযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে হজের সময় শারীরিক সুস্থতা বজায় রাখা এবং সৌদি আরবের পরিবেশে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।প্রশিক্ষণে আরও আলোচনা করা হয় হজ এজেন্সি ও হজ গাইডদের দায়িত্ব নিয়ে। মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে হজযাত্রীরা তাদের বিভিন্ন জিজ্ঞাসার সমাধান পাওয়ার সুযোগ পান। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যাতে ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন। এই দুই দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা হজের সামগ্রিক সফর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। প্রথম দিনের প্রশিক্ষণ শেষে আগামীকালের সমাপনী কার্যক্রমের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের প্রশিক্ষণ হজযাত্রীদের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।