বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৬, ০৫:৪৪ পিএম

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন ছবি-দিনাজপুর টিভি

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের চত্বরে এসে শেষ হয়। গত ৭ই এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস বলেন, মানসিক ও পারিবারিক সুস্থতা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।

 বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও এনজিওগুলোকেও সমানভাবে অবদান রাখতে হবে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে একটি সুস্থ ও সবল জাতি গঠন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ মোঃ রেজাইল হক এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি (এস আই এম ও) ডাঃ মোঃ আল আমিন এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার রায়, ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ মোকছেদুল আমিন এবং ইএসডিও নাইস প্রকল্পের কর্মকর্তা মোঃ সাজ্জাদুর রহমান। মুক্ত আলোচনায় বক্তারা শিশুদের অপুষ্টি দূর করা এবং প্রোটিনের অভাব মেটাতে সম্মিলিত সচেতনতার ওপর জোর দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্যভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শুভ রায়। আলোচনা সভায় হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।