এপ্রিল ৭, ২০২৬, ০৮:৫৪ পিএম
দিনাজপুর সদর উপজেলার প্রত্যন্ত এলাকা দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ১০নং কমলপুর ইউনিয়নের এই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।
একই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নীহার রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের সমান ভূমিকা রয়েছে। শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সচেতন করতে হবে। সমাবেশ শেষে তিনি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এবং জেলা বিএনপির সদস্য ও কমলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিনুল ইসলাম। এছাড়া ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফুল করিম লিটনও বক্তব্য রাখেন।
বক্তব্য পর্বের আগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিবেশ রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এই বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় সূত্র জানায়, প্রত্যন্ত এই জনপদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং অভিভাবকদের সচেতন করতে এ ধরনের আয়োজন বেশ কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত অভিভাবক ও সুধীজনদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকরা। পুরো আয়োজনটি স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন