এপ্রিল ৯, ২০২৬, ১২:২৬ পিএম
দিনাজপুরে বাংলাদেশ রেলওয়ের স্টোর (গোডাউন) থেকে রেললাইনের কাটা অংশ চুরির ঘটনায় এক নিরাপত্তা প্রহরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক অটোচালককে আটক করেছে পুলিশ এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সরকারি মালামাল।
জানা গেছে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে শহরের এসএসএই/ওয়ার্কস/ডিজিপি গোডাউন থেকে রেললাইনের কাটা অংশ পাচারের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় অন্য এক নিরাপত্তা প্রহরী সন্দেহজনক একটি অটো থামিয়ে তল্লাশি চালালে বস্তাভর্তি রেললাইনের অংশ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ এসে অটোচালককে আটক এবং মালামাল জব্দ করে।
আটক অটোচালকের ভাষ্যমতে, ওই গোডাউনের নিরাপত্তা প্রহরী মো. মোজুরুল ইসলাম ও এক দোকানদারসহ তিনজন ব্যক্তি তার অটোতে মালামালগুলো তুলে দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিরাপত্তা প্রহরী মোজুরুল ইসলাম পালিয়ে যান। এই ঘটনার পরপরই গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে অভিযুক্ত প্রহরী মোজুরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলওয়ের এই গোডাউন থেকে প্রায়ই গভীর রাতে সরকারি মালামাল বাইরে পাচার করা হয়। সঠিক তদন্ত করলে এর পেছনে বড় কোনো সিন্ডিকেট বেরিয়ে আসবে বলে তারা মনে করেন।
বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বপন বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে চুরির ঘটনার রহস্য উদঘাটনে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
এই ঘটনায় গত ৮ এপ্রিল কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক অটোচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন