বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলের তেঘরা উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আতিউর রহমান

এপ্রিল ১০, ২০২৬, ০৫:১৬ পিএম

বিরলের তেঘরা উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিরলে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় মেয়েদের ক্ষমতায়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ও পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে গত বৃহস্পতিবার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

স্থানীয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরক্কাবাদ নূরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. জিল্লুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈমুর ইসলাম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুস সালাম, মোশারফ হোসেন এবং ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ও মোজাফ্ফর আলীসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতামূলক খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন যে গ্রামীণ পর্যায়ে মেয়েদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার এই উদ্যোগ তাদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। খেলাধুলা কেবল শরীর গঠন নয় বরং আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।

ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পর তেঘরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস উদযাপন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার শপথ নেন এবং নিজ নিজ এলাকা পরিষ্কার করার কাজে অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এমন সামাজিক ও ক্রীড়ামুখী কার্যক্রম স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।