এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৪৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
পৌরসভা সূত্রে জানা গেছে, সোমবার সকালে পৌরসভার বৈদ্যর দোকান এলাকা থেকে শান্তিবাগ মসজিদ ইউনিব্লক সড়কের কেটি মঞ্জিল হতে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
দীর্ঘদিন ধরে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নত না থাকায় স্থানীয় বাসিন্দারা বর্ষাকালে জলাবদ্ধতাসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌরসভার প্রশাসক দীপংকর বর্মন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ পৌর এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষ করে বর্ষা মৌসুমে পানিবদ্ধতার কারণে সাধারণ মানুষের যে কষ্ট হয়, এই ড্রেন নির্মাণ হলে তা অনেকাংশে দূর হবে।
তিনি আরও জানান, পরিকল্পিত ও আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে পর্যায়ক্রমে বীরগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডেই প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মানুষ যাতে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারে, বর্তমান সরকার ও প্রশাসন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।এদিকে উন্নয়ন কাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি চিরতরে বন্ধ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের গুণগত মান নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যেই ড্রেন নির্মাণের কাজ শেষ করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন