বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মোঃ আরিফ ইসলাম

এপ্রিল ১৪, ২০২৬, ১১:০৯ এএম

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই বছরকে বরণ করে নেওয়া হয়। কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।শোভাযাত্রার বিশেষ দিক ছিল অংশগ্রহণকারীদের হাতে থাকা লোকজ ঐতিহ্যের নানা উপকরণ। 

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নকশা করা ব্যানার, ফেস্টুন এবং পান্তা-ইলিশের প্রতিকৃতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন করে তোলে। রঙিন সাজে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষ এই উৎসবে সামিল হন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরাও এই আয়োজনে যোগ দেন।

বর্ণিল শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা সেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির নানা রূপ ফুটিয়ে তোলেন। দেশাত্মবোধক গান ও লোকজ সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রধান প্রতীক। এটি আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নতুন বছরের এই উৎসব যেন প্রতিটি মানুষের মনে আনন্দ, আশা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়, সেই আহ্বান জানানো হয় আয়োজন থেকে। অনুষ্ঠানটি বীরগঞ্জবাসীর মাঝে নতুন এক উদ্দীপনার সৃষ্টি করেছে।