শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মো: মামুনুর রশিদ

এপ্রিল ১৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয়। 

এবারের আয়োজনে ৪৭ তম বিজ্ঞান মেলা ছাড়াও দশম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। 

এ সময় তিনি ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বিজ্ঞান মেলা কেবল দেখার বিষয় নয়, বিজ্ঞানকে গভীরভাবে অনুধাবন করতে হবে।

দেশের ক্ষুদে বিজ্ঞানীদের যদি সঠিক মূল্যায়ন ও উৎসাহ দেওয়া যায়, তবে তারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।সৈয়দ জাহাঙ্গীর আলম আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তির দিক থেকে অনেক বেশি অগ্রসর। তারা প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছে যা অত্যন্ত আশাব্যঞ্জক। এই প্রতিভাবান শিক্ষার্থীদের সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান। 

তিনি মনে করেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত। প্রতিটি শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে খুঁজে বের করাই একজন আদর্শ শিক্ষকের প্রধান দায়িত্ব।অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। 

স্বাগত বক্তব্যের মাধ্যমে মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এবারের মেলায় দিনাজপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩২টি পৃথক স্টলে তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের প্রজেক্টের কার্যকারিতা নিয়ে কথা বলেন।

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ। 

এছাড়া সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও বিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়। এই বিজ্ঞান সপ্তাহ আগামী দুই দিন সকল শিক্ষার্থী ও বিজ্ঞান অনুরাগী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।