এপ্রিল ১৬, ২০২৬, ০২:১৭ পিএম
দিনাজপুরের সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয় গৌরবময় ৩৬ বছর পেরিয়ে নতুন বছরে পদার্পণ করেছে। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নববর্ষ উদযাপন, ঐতিহ্যবাহী পান্তা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর শহরের শিল্প-সংস্কৃতির অনুরাগী ও শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি নিজামউদ্দিন আহমেদ রয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কোষাধ্যক্ষ জয়ন্ত ঘোষ, প্রচার সম্পাদক রেজাউল করিম রঞ্জু, নির্বাহী সদস্য মিহির ঘোষ এবং চন্দন ভট্টাচার্য।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মো. রহমতউল্লাহ রহমত, রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, আব্দুল মান্নান সরকার, জালাল উদ্দিন, বিনত সরকার, সুশীল অধিকারী, সুশান্ত দাস ও রণজিত সরকার।বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিধান দত্তের নিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সমবেত সঙ্গীত। বিশিষ্ট কণ্ঠশিল্পী প্রিয়াংকা ঘোষের বলিষ্ঠ নেতৃত্বে দোলনচাঁপার একঝাঁক প্রতিভাবান শিল্পী সমবেত গান পরিবেশন করেন।
শিল্পীদের মধ্যে ছিলেন প্রিয়াংকা দাস চৈত্রী, প্রজ্ঞা ঘোষ ও কোয়েল রায়সহ আরও অনেকে। তাঁদের সুরের জাদুতে উপস্থিত শ্রোতারা মুগ্ধ হন। গানে তবলায় চমৎকার সঙ্গত করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন তুষার দাস লিপন।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুভূতি প্রকাশ করতে গিয়ে দোলনচাঁপার সভাপতি নিজামউদ্দিন আহমেদ রয়েল বলেন, দোলনচাঁপা আজ ৩৬ বছরে পদার্পণ করেছে যা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। এই দীর্ঘ পথপরিক্রমায় এই প্রতিষ্ঠান থেকে অনেক শিল্পী তৈরি হয়েছেন যারা বর্তমানে দেশে ও বিদেশে সঙ্গীতের মাধ্যমে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ তাঁর বক্তব্যে বাঙালি সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন যে বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী বর্ষবরণসহ নিজস্ব সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। সন্তানদের মাঝে ছোটবেলা থেকেই দেশপ্রেম এবং বাঙালি সংস্কৃতির চেতনা লালন ও ধারণ করাতে পারলে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন যে দোলনচাঁপা সব সময় শুদ্ধ সঙ্গীত চর্চার মাধ্যমে সমাজকে সুন্দর করতে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি পান্তা উৎসব ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন