এপ্রিল ২০, ২০২৬, ০৩:৩৮ পিএম
দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে সোমবার পল্লীশ্রীর আয়োজনে আদর্শ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রোমেটিং অপরচটুনিটি ফর উইমেন ইম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আওতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এই সমাবেশের আয়োজন করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম। তিনি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, সমাজসেবা অধিদপ্তর বর্তমানে সারাদেশে সাধারণ মানুষের দোরগোড়ায় ৫৪টি ভিন্ন ভিন্ন সেবা পৌঁছে দিচ্ছে।
সরকারি এসব সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। গোলাম আজম আরও বলেন, নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে, তবে নারীদের কেবল ঘরে বসে থাকলে চলবে না। নিজেদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহজাদী শিরিন। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে ৫টি আদর্শ গ্রামের সিবিও নেত্রীরা তাঁদের সফলতার কথা জানান। রেহেনা বেগম, শিউলি বেগম ও কিশোরী ঊর্মি খাতুন জানান, তাঁরা তাঁদের এলাকায় অন্তত ১২টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন। পল্লীশ্রীর পক্ষ থেকে পাওয়া দিকনির্দেশনা ও সাহসকে পুঁজি করে তাঁরা একটি সুন্দর সমাজ গঠনে কাজ করছেন। শুধু তাই নয়, মুষ্টির চাল জমা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিব মেয়েদের বিয়েতে সহায়তা করা এবং প্রতিবন্ধীদের জন্য দোকান করে দেওয়ার মতো মানবিক কাজগুলো তাঁরা নিয়মিত করে যাচ্ছেন।
নিরাপদ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের এই প্রচেষ্টাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম ফেসিলিটেটর অ্যান্ড কাউন্সিলার কৃষ্ণা দাস। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের সমন্বিত উদ্যোগের ফলে গ্রামীণ জনপদে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলো নির্মূল করা সম্ভব হবে। সেই সঙ্গে সাধারণ মানুষ সরকারি সেবাগুলো সম্পর্কে আরও বেশি সজাগ হয়ে উঠবে যা দীর্ঘমেয়াদী সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন