বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালনে প্রস্তুতি সভা

মো: মামুনুর রশিদ

এপ্রিল ২৩, ২০২৬, ০৯:৪১ পিএম

দিনাজপুরে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালনে প্রস্তুতি সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন দিনাজপুর ও আঞ্চলিক শ্রম দপ্তর যৌথভাবে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। বৈঠকে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসের স্মারক মহান মে দিবসটি সুষ্ঠুভাবে পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

একইসঙ্গে কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা এখন সময়ের দাবি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন এবং দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মো. ওসমান গনি। এছাড়া সভায় প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা উপস্থিত ছিলেন। ব্যবসায়িক ও সামাজিক নেতৃত্বের পক্ষ থেকে দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. মঞ্জুর মুর্শেদ সুমন তার পর্যবেক্ষণ তুলে ধরেন।

সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন। তাদের মধ্যে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির আনিসুর রহমান, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি কিবরিয়া হোসেন উপস্থিত ছিলেন। শ্রমিক নেতাদের মধ্যে জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা এবং নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুর ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম শরিফ সভার আলোচনায় অংশ নেন।

এছাড়া সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সংবাদকর্মী মো. ইউসুফ আলীসহ স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবসের কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে প্রতি বছরের ন্যায় এবারও শ্রমিকদের এই বিশেষ দিনটিকে দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে পালন করা হবে।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ মে সকালে জেলা শহরের প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। এরপর নির্ধারিত স্থানে আলোচনা সভার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতা তৈরির কাজ করা হবে বলে সভায় জানানো হয়েছে।