মে ২, ২০২৬, ১০:২৯ পিএম
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২ মে) সন্ধ্যায় দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১৯তম বাণিজ্য মেলা ২০২৫-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন আমাদের প্রধান লক্ষ্য। মেলায় আসা সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি তাঁর বক্তব্যে দিনাজপুর শহরের রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে কেবল পুলিশি তৎপরতা যথেষ্ট নয়, এর জন্য ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রত্যেকে নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সমাজ সুন্দর থাকবে। শহীদ জিয়ার আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সদিচ্ছা থাকলেই সমাজ পরিবর্তন সম্ভব। জিয়ার সৈনিক হওয়ার অন্যতম শর্ত হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলা যাবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল ও সতর্ক হতে হবে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরু ইসলাম মনজু এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
দিনাজপুর চেম্বারের পরিচালক শামিম কবীর অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯তম বাণিজ্য মেলার আহ্বায়ক রাহবার কবীর পিয়াল। অন্যান্যদের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আখরুজ্জামান জুয়েল এবং মেলা কমিটির সদস্য সচিব মো. রুবেল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী এই বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জমকালো আতশবাজি প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল পরিচালক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন