মে ৪, ২০২৬, ০৭:০৬ পিএম
আদর্শ দক্ষ স্কাউটার তৈরি এবং স্কাউটিং কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে দিনাজপুরে ৪৯৯তম কাব স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের পরিচালনায় ও দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় বীরগঞ্জের আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র দশমাইলে এই কোর্স অনুষ্ঠিত হয়।
গত ২৯ এপ্রিল থেকে ৪ মে ২০২৬ পর্যন্ত ৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। কোর্সের সমাপনী দিনে সোমবার সকালে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে কোর্সটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে গত রাতে প্রশিক্ষণ কেন্দ্রে ঐতিহ্যবাহী ‘মহাতাবু জলসা’ অনুষ্ঠিত হয়।
কোর্সে সর্বমোট ৪০ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন। ১০ জন কোর্স স্টাফ এবং স্বেচ্ছাসেবকসহ সর্বমোট ৫৫ জন স্কাউটার সার্বিকভাবে কোর্স পরিচালনা ও কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণটির কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি স্কাউটার মোঃ ফইজুল ইসলাম (এলটি)।
প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) স্কাউটার বিনয় কুমার রায় (এলটি) এবং আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) স্কাউটার খলিলুর রহমান। এ ছাড়াও সেশনে প্রশিক্ষক হিসেবে ছিলেন স্কাউটার মোঃ জিন্নাতুল ফেরদৌসী (এলটি), স্কাউটার মোয়াক্ষের আলম (সোনা), স্কাউটার মোঃ হায়দার গনি, স্কাউটার সুদীপ্ত কুমার বর্মন, স্কাউটার মোঃ আতিয়ার রহমান এবং স্কাউটার মোঃ আতিয়ার রহমান প্রামাণিকসহ আরও অনেকে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট ইউনিট লিডারদের পেশাদার দক্ষতা বৃদ্ধি পায়। এতে মাঠ পর্যায়ে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে। দক্ষ স্কাউটার গঠনের মাধ্যমে দেশের যুব সমাজকে নেতৃত্ব ও সেবামূলক কাজে আরও বেশি উদ্বুদ্ধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন