মে ১১, ২০২৬, ০৭:১৮ পিএম
“জনবান্ধব, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস, সুস্থ মন, উত্তম সেবা” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে গ্রিন এন্ড ক্লিন ও সবুজ পরিবেশ বান্ধব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। তিনি বলেন, দিনাজপুর জেলা একটি গুরুত্বপূর্ণ কৃষি-বাণিজ্যিক এলাকা। তবে বর্তমানে গ্রাম ও শহরজুড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য একটি ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, এই সংকট থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মানসিক স্বস্তি ও সুন্দর জীবন নিশ্চিত করে। আগামী এক বছরের মধ্যে জেলার উপজেলাগুলোতে পর্যায়ক্রমে গ্রিন এন্ড ক্লিন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাঢলেট ও সিনিয়র ডিরেক্টর চন্দন জাকারিয়াস। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুরের সম্পাদক মো. আকরাম হোসেন।শুভেচ্ছা বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান ক্লাস্টার ডেপুটি ডিরেক্টার রাজু উইলিয়াম রোজারিও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ ছাড়া প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের সিনিয়র ম্যানেজার সেবাষ্ঠিয়ান পিউরীফিকেশন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর লিমা হান্না দারিং, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক।আলোচনা সভা শেষে নামফলক উন্মোচন ও বেলুন উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। পরে তিনি স্থানীয় শিশু পার্কে গিয়ে পরিবেশ বান্ধব পার্ক গড়ার লক্ষ্যে বিভিন্ন ওষুধি বৃক্ষ রোপণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন