মে ১১, ২০২৬, ১০:৩৬ পিএম
দিনাজপুরে উন্নত জাতের গবাদিপশু প্রদর্শনী ও সফল খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) সদর উপজেলার শশরা ইউনিয়নের ফাঁসিলাডাঙ্গা মাঠে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এই বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মূলত ব্র্যাকের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুরগুলোর প্রদর্শনী ও খামারিদের সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম বলেন, প্রাণিসম্পদ উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। দেশে দুধ, মাংস ও ডিমের আমিষের জোগান নিশ্চিত করতে উন্নত জাতের গবাদিপশু লালন-পালন জরুরি। এ জন্য খামারিদের কৃত্রিম প্রজননের দিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ প্রধান কার্যালয়ের লাইভস্টক সার্ভিস এন্ড ট্রেনিং ম্যানেজার ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মাহফুজা খাতুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থেরিওজেনোলজিস্ট আব্দুস সালাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহিনা বেগম এবং ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মো. এরমান আলী।প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে থেকে সেরা ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া কৃত্রিম প্রজনন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুখের খনি’ শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করা হয়। মাঠ পর্যায়ে খামারিদের উন্নত প্রযুক্তি ও প্রজনন পদ্ধতি সম্পর্কে ধারণা দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।
পুরস্কারপ্রাপ্ত খামারিদের একজন মো. জুলফিকার আলী জানান, তিনি চাকুরীর পাশাপাশি খামারে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু লালন-পালন করছেন। এই প্রদর্শনীর মাধ্যমে তারা আরও উৎসাহিত হচ্ছেন বলে জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. আল হেলাল মন্ডল, ডা. মো. সাকিব আহমেদ এবং এরিয়া সেলস ম্যানেজার ডা. মো. মারুফ হোসেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন