মে ১২, ২০২৬, ০২:০৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে নতুন রঙের ছোঁয়া লেগেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পৌর শহরের সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় ফুটতে শুরু করেছে নজরকাড়া সোনালু ফুল। ঝুলন্ত হলুদ রঙের থোকা থোকা ফুলে গাছগুলো প্রকৃতিকে সোনালি আবরণে সাজিয়ে তুলেছে।
উপজেলার পাল্টাপুর, পৌরসভা নিজপাড়া, সাতোর, ভোগনগর ও শিবরামপুর ইউনিয়নসহ বিভিন্ন গ্রামীণ জনপদে সোনালু ফুলের এই দৃশ্য এখন চোখে পড়ার মতো। সোনালু ফুলের এই সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পথচারী ও প্রকৃতিপ্রেমীরা। অনেকে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করছেন। বিশেষ করে সকাল ও বিকেলের আলোয় এই ফুল আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
স্থানীয় কাজল এলাকার বাসিন্দা মো. মফির উদ্দিন জানান, একসময় বীরগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর সোনালু গাছ দেখা যেত। কিন্তু দিন দিন এর সংখ্যা কমে যাচ্ছে। অপরিকল্পিতভাবে গাছ কাটা ও পরিবেশ সম্পর্কে সচেতনতার অভাবকে এর অন্যতম কারণ হিসেবে মনে করছেন তিনি।
উপজেলার সচেতন মহলের মতে, সোনালু শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও ভূমিকা পালন করে। এ কারণে সোনালু গাছ সংরক্ষণে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
কয়েকজন স্থানীয় শিক্ষক ও পরিবেশকর্মী জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বেশি বেশি সোনালু গাছ রোপণ করা হলে পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি আগামী প্রজন্মও প্রকৃতির এই রূপের সঙ্গে পরিচিত হতে পারবে। সোনালু গাছ রক্ষা ও নতুন করে রোপণের মাধ্যমেই এই সোনালি সৌন্দর্য ধরে রাখা সম্ভব বলে জানান তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন