মে ১৪, ২০২৬, ১০:০১ পিএম
দিনাজপুরের বিরলে সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে স্থানীয় প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়। সংস্থাটির বিরল টেম্পু স্ট্যান্ড কার্যালয়ে উপজেলার ৩ জন চিহ্নিত প্রতিবন্ধী মানুষের মাঝে দেশি জাতের এই ছাগলগুলো বিতরণ করা হয়।
মূলত তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।আয়োজিত এই ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন।
সোসাইটি ফর উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নেহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মতিউর রহমান, শাহিনুর রহমান এবং নারী সদস্য রুবিনা খাতুন।
বক্তারা এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে এবং তাদের স্বাবলম্বী করতে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।বিতরণ অনুষ্ঠানে উপজেলার রবিপুর গ্রামের প্রতিবন্ধী শাহীন হোসেন, আলামিন ইসলাম এবং পূর্ব মহেশপুর গ্রামের বাসিন্দা লুৎফর রহমানকে ২টি করে মোট ৬টি সুস্থ দেশি জাতের ছাগল হস্তান্তর করা হয়।
সংস্থার এই মানবিক কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম, সোসাইটি ফর উদ্যোগের সুপারভাইজার মোকসেদুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মাহফুজ আলম, আলিমা বেগম এবং জেসমিন ফেরদৌস প্রমুখ। ছাগল পেয়ে উপকারভোগীরা তাদের আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। সংস্থাটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, টেকসই উন্নয়ন ও সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন