মে ১৭, ২০২৬, ০৭:০৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ৩০১টি অতিদরিদ্র পরিবারকে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আজ রোববার (১৭ মে) বিকেলে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি) কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট সংস্থার ম্যানেজার রবার্ট কমল সরকার।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের বেসরকারি উদ্যোগ অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আনবে।
তিনি উপকারভোগীদের এই সহায়তার অর্থ অপচয় না করে সঠিকভাবে নিজস্ব আয়বর্ধক খাতে ব্যবহার করার জন্য বিশেষ আহ্বান জানান। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে মাঠপর্যায়ে এই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার প্রোগ্রাম অফিসার সাধন দাস, ডরিস হাসদা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বিশেষ এরিয়া প্রোগ্রামের আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রকৃত অতিদরিদ্র পরিবারগুলোকে যাচাই-বাছাই করে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত ৩০১টি পরিবারের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি এই নগদ অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।
এর আগে গত মার্চ মাসে প্রথম দফায় ১২৪টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছিল এবং অবশিষ্ট পরিবারগুলোকে এপ্রিল ও মে মাসে পর্যায়ক্রমে এই অর্থ প্রদান করা হচ্ছে। এই সহায়তার অর্থ কাজে লাগিয়ে পরিবারগুলো ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগি পালন বা কৃষি কার্যক্রমের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করতে পারবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন