মে ১৯, ২০২৬, ০৫:৩৯ পিএম
দিনাজপুরের বিরলে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানি পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হাট বাজার ইজারাদারদের সমন্বয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখ দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এই সমন্বয় সভাটি সম্পন্ন হয়।সভায় বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, ভ্যাটেরিনারি সার্জন ডা. মোঃ আখতারুজ্জামান, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর সুমঙ্গল রায় এবং প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া শহরগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়সহ হাট ইজারাদার জবাইদুর রহমান, নাজিম উদ্দীন, মামুনুর রশীদ, সফিকুল ইসলাম, হান্নান ও ইউনিয়ন পরিষদসমূহের প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
হাটের নির্ধারিত স্থানে প্রাণির স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিত করা, অনুমোদিত ব্যাংকের বুথের মাধ্যমে জালনোট যাচাই ও আর্থিক লেনদেন করা এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা চেয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন