শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন এমপি মনজুরুল

মোঃ আরিফ ইসলাম

মে ১৯, ২০২৬, ০৬:০৯ পিএম

বীরগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন করলেন এমপি মনজুরুল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে সাধারণ মানুষের জন্য ডিজিটাল ও সনাতন ভূমি সেবা সহজলভ্য করার লক্ষ্যে বিশেষ ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন সভাপতিত্ব করেন।

দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার। 

এ ছাড়া জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেনা এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। 

সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত নানা জটিলতা দূর করতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে বলে সভায় জানানো হয়।মেলা প্রাঙ্গণে আসা নাগরিকেরা নামজারি, খতিয়ান সংগ্রহ ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন বিষয়ে সরাসরি তথ্য ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। 

উদ্বোধনী আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সরকারি এই আয়োজনটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।