মে ১৯, ২০২৬, ০৭:৪১ পিএম
দিনাজপুরে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে বিকেল ৪টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। "
নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন" এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রত্না মিত্র এর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক রুবিনা আকতার। বক্তারা বলেন যে প্রতিদিন প্রতি মুহূর্তে নারী ও কন্যা শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। অব্যাহত এই অপরাধের অন্যতম প্রধান কারণ বিচারহীনতার সংস্কৃতি।
ধর্ষক ও হত্যাকারীরা রাজনৈতিকভাবে নানা আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে এবং আইনের ফাঁকফোকর দিয়ে তাদের জামিনও হয়ে যাচ্ছে। এর পাশাপাশি কিশোর গ্যাং এর দৌরাত্ম্য সমাজে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে এবং মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনাও বাড়ছে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।মহিলা পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে জঙ্গি ও মাদকের মতো ধর্ষণকারী এবং নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সরাসরি `জিরো টলারেন্স` ঘোষণার দাবি জানানো হয়েছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম। এছাড়া নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল ও সিপিবি জেলা কমিটির সদস্য অমৃত রায়সহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন