শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

মে ১৯, ২০২৬, ০৯:৩০ পিএম

দিনাজপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

“নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর-২০২৬) বিকেল ৪টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রত্না মিত্র এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক রুবিনা আকতার।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন প্রতি মুহূর্তে নারী ও কন্যা শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে নারীর অগ্রগতির পাশাপাশি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, হচ্ছে এতে কোন সন্দেহ নেই। অব্যাহত এই ধর্ষণ ও হত্যার অন্যতম প্রধান কারণ বিচারহীনতা সংস্কৃতি। 

ধর্ষক ও হত্যাকারীরা রাজনৈতিকভাবে আশ্রয় ও প্রশ্রয় পাচ্ছে এবং তাদের আইনের ফাঁকে জামিনও হচ্ছে। এছাড়াও আমরা লক্ষ করছি যে, কিশোর গ্যাং এর দৌরাত্ম সমাজে সহিংসতা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। সেই সাথে মাদ্রাসার শিশু নির্যাতনও বেড়ে চলেছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা পিতৃতান্ত্রিক, সামাজিক দৃষ্টিভঙ্গী, লিঙ্গবৈষম্য, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং আইনের প্রয়োগের অভাবের প্রতিফলন। আমরা এর অবসান চাই। আন্দোলনমুখী সংগঠন মহিলা পরিষদের দাবি সরকারের পক্ষ থেকে জঙ্গি ও মাদকের মত ধর্ষণকারী এবং নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হোক এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানিত সদস্য কানিজ রহমান, প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, সিপিবি জেলা কমিটির সদস্য অমৃত রায়, সমাজকর্মী মুকিদ হায়দার, মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অর্চনা অধিকারী, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, সদস্য শিবানী উড়াও, রেহেনা বেগম, মিতালী রায়, তরুণী সদস্য আনিকা, বর্ষা, তিথি, শান্তনা মুর্মুসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।