বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

২০ দিন পর ভারত থেকে দেশে ফিরল বিরলের জেলের লাশ

আতিউর রহমান

মে ২০, ২০২৬, ০৪:৪৬ পিএম

২০ দিন পর ভারত থেকে দেশে ফিরল বিরলের জেলের লাশ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে পূর্ণভবা নদীতে নিখোঁজ জেলের লাশ ২০ দিন পর ভারত থেকে দেশে আনা হয়েছে। বুধবার হাকিমপুর হিলি চেকপোস্ট সীমান্ত দিয়ে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত ইসমাইল হকের বাড়ি বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামে।

দীর্ঘ অপেক্ষার পর মরদেহ দেশে আসায় স্বজনদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে জাল নিয়ে পূর্ণভবা নদীতে মাছ শিকারে যান তিনি। 

কামদেবপুর চান্দামারী পুরানঘাট এলাকায় তিনি নিখোঁজ হন। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি। এরপর ৩ মে ভারতের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া নদীর ঘাটে একটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার হওয়া লাশের ছবির সঙ্গে মিল দেখে পরিবারটি তাকে শনাক্ত করে।

কলকাতায় বাংলাদেশ দূতাবাস সোমবার আনুষঙ্গিক আইনি কার্যক্রম সম্পন্ন করে। মঙ্গলবার বালুরঘাটে সব কাগজপত্র পৌঁছানোর পর আজ লাশ হস্তান্তর করা হলো। এদিন বিকাল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। সরকারি পদক্ষেপ ও প্রশাসনের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইসমাইল হকের বড় ছেলে হায়দার আলী।