বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে শিশু অধিকার ও শ্রম নিরসন নিয়ে মতবিনিময় সভা

মো: মামুনুর রশিদ

মে ২১, ২০২৬, ০১:০৩ পিএম

দিনাজপুরে শিশু অধিকার ও শ্রম নিরসন নিয়ে মতবিনিময় সভা

ছবি-দিনাজপুর টিভি

শিশু শ্রম নিরসন, সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিতে দিনাজপুরে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল। কিন্ডার মিশনওয়েক, জার্মানির আর্থিক সহায়তায় ‘লাইট’ প্রকল্পের আওতায় এই সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে যুক্ত শিশুদের আনুষ্ঠানিক ও কারিগরি শিক্ষা সহায়তার পাশাপাশি তাদের পরিবারকে বিকল্প জীবিকায়নের পথ দেখানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন রঞ্জন সরকার। 

কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা সুবাস কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা মুহা. আব্দুল ওয়াহেদ এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল। 

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন, একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশনও সেখানে বক্তব্য রাখেন। মাঠকর্মকর্তা বাবলু মুর্মুর সঞ্চালনায় প্রকল্পের প্রবন্ধ উপস্থাপন করেন জেপিও কালিস্তূশ মার্ডী।তিন বছর মেয়াদী এই প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুরে শিশু শ্রম নির্মূলের লক্ষ্যে ২০২৭ সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।