বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে প্রতীকী হজ্ব প্রদর্শনী

মো: মামুনুর রশিদ

মে ২৩, ২০২৬, ১২:০৬ পিএম

দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে প্রতীকী হজ্ব প্রদর্শনী

ছবি-দিনাজপুর টিভি

শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে দিনাজপুরে দিনব্যাপী প্রতীকী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শাখার উদ্যোগে এই ব্যতিক্রমী শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রাতিষ্ঠানিক প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দশটি ভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা হজ্বের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা বাস্তবসম্মতভাবে উপস্থাপন করে।

এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় বিধান হাতে-কলমে শেখানো হয়েছে।প্রশিক্ষণে মূলত হজ্বের ফরজ, ওয়াজিব ও সুন্নতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক অত্যন্ত নিখুঁতভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষকেরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রাকিবুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম আব্দুল বাতেন এবং আবুল কালাম আজাদ। ড. সামসুজ্জোহার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের মাঝে সঠিক ধর্মীয় শিক্ষা প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সোহেল রানা।তাকে সহযোগিতায় ছিলেন মোছাঃ রাঙফাত জাহান, মোছাঃ সাদিয়া আফরিন এবং মোঃ নাজমুল হক। আয়োজক কর্তৃপক্ষের মতে, এই ধরনের ব্যবহারিক ও বাস্তবভিত্তিক কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক শিক্ষার প্রতি আরও বেশি অনুরাগী হয়ে উঠবে। দিনাজপুর শহরের এই প্রাতিষ্ঠানিক উদ্যোগটি স্থানীয় অভিভাবকদের মাঝেও বেশ সমাদৃত হয়েছে।