মে ২৩, ২০২৬, ০৬:১০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নং সাতোর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে স্থানীয় কিশোর-কিশোরী, অভিভাবক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা অংশ নেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গ্রামীণ সমাজে এই ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেওয়া হয়।সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যে যৌথভাবে এই ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়েছে।
বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সাতোর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীরগঞ্জ এপির প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। এছাড়া প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও মহিলা ইউপি সদস্য মোছাঃ লাইলি বেগম এ সময় উপস্থিত ছিলেন।বক্তারা বলেন যে বাল্যবিবাহ কিশোরীদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।
এটি গ্রামীণ সমাজের জন্য একটি বড় অভিশাপ যা বন্ধ করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সমাবেশে অংশগ্রহণকারীদের মাঝে বাল্যবিবাহের বিভিন্ন আইনি ও ক্ষতিকর দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়। কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বীরগঞ্জের সব স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন