বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত

এনামুল মবিন(সবুজ)

মে ২৭, ২০২৬, ০৩:২৪ পিএম

চিরিরবন্দরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিদের একটি অংশ। বুধবার সকাল ৯টায় উপজেলার জগন্নাথপুর গ্রামের চিরিনদী ঈদগাহ মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

প্রতি বছরের ন্যায় এবারও তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিয়ম অনুসরণ করে একদিন আগেই ঈদের নামাজ আদায় ও কোরবানি পালন করেছেন।চলতি বছর বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে মাঠে মুসল্লিদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

ঐতিহাসিক এই জামাতে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৫ জন মুসল্লি অংশ নেন এবং এতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম। ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলী জানান, তিনি ২০০৯ সাল থেকে এই নিয়ম মেনে রোজার ঈদ ও কোরবানি পালন করে আসছেন। 

ইমামের দাবি অনুযায়ী, পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই ঈদের নামাজ ও কোরবানি করা শরীয়তসম্মত। মুসলিম উম্মাহর সবাইকে একই দিনে রোজা ও কোরবানি পালন করার আহ্বান জানান তিনি।এলাকার এই নির্দিষ্ট অংশটি দীর্ঘ দেড় দশক ধরে আগাম ঈদ উদযাপন করে আসছে।