বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নীলফামারীতে লটারির মাধ্যমে বোরো ধান কেনা শুরু হয়েছে

মোঃ সাদেকুল ইসলাম

জুন ১, ২০২৬, ১০:৫৭ পিএম

নীলফামারীতে লটারির মাধ্যমে বোরো ধান কেনা শুরু হয়েছে

নীলফামারীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১ জুন) বিকেলে নীলফামারী সদর খাদ্যগুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ সুজা, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামান প্রমুখ।

উদ্বোধনের দিন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করে তাৎক্ষণিক তাকে ধানের মূল্য পরিশোধের চেক প্রদান করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ৪০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এজন্য কৃষক অ্যাপ্লিকেশনে আবেদনকারী কৃষকদের মধ্য হতে লটারির মাধ্যমে ৮৪৫ জনকে নির্বাচিত করা হয়েছে। লটারিতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্যগুদামে দিতে পারবেন।

এছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন চাল ও ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।