বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে আইইবির নতুন ভবনের উদ্বোধন

সাহেব

জুন ৫, ২০২৬, ০৩:৫২ পিএম

দিনাজপুরে আইইবির নতুন ভবনের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর শহরের ৯ নম্বর উপশহরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ বা আইইবির দিনাজপুর কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ফিতা কাটা, বেলুন ওড়ানো এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইইবির সদস্যদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুল আলম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।এছাড়াও সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, কুমিল্লা আইইবি কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবির সম্পাদক মাসুদুর রহমান ও হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নতুন ভবন চত্বরে গাছ লাগানো হয়েছে।উদ্বোধনের পর অতিথিরা আম ও লিচুর চারা রোপণ করে পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরেন। দিনাজপুরের প্রকৌশলীদের পেশাগত মানোন্নয়নে এই ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।