জুন ১২, ২০২৬, ১১:৪২ পিএম
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন।শুক্রবার বিকেল তিনটায় ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েন। সফরকালে তিনি মন্দিরের অনন্য স্থাপত্যশৈলী, টেরাকোটা শিল্পকর্ম এবং এর সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূত মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর ইতিহাস, নির্মাণশৈলী ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে বলেন, কান্তজিউ মন্দির শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক সম্পদ।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেডান আল মুসা (পিপিএম), কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ, এএসপি কাহারোল সার্কেল মোঃ মনিরুজ্জামান, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোঃ সেলিমুর রহমান সেলিম, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত কুমার সিংহ, রাজদেবোত্তর এস্টেটের সদস্য প্রখ্যাত ডায়াবেটিস চিকিৎসক ডা. ডি সি রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা রাষ্ট্রদূতকে মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চীনের রাষ্ট্রদূতের এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে।
ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর নান্দনিক টেরাকোটা অলংকরণ ও অনন্য স্থাপত্যশৈলী দেশি-বিদেশি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে। মন্দির পরিদর্শনে এলে রাষ্ট্রদূতকে পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন