বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নাটিকা প্রদর্শিত

মোঃ আরিফ ইসলাম

জুন ১৮, ২০২৬, ০৫:২০ পিএম

বীরগঞ্জে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নাটিকা প্রদর্শিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূল এবং এ বিষয়ে গ্রামীণ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ শিক্ষণীয় নাটিকা প্রদর্শন করা হয়েছে। উপজেলার ছয় নম্বর নিজপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বড়বোচাপুর গ্ৰামে এই সচেতনতামূলক প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অভিনব পরিবেশনার মাধ্যমে গ্রামীণ সমাজে বাল্যবিবাহ ও শিশুশ্রমের ভয়াবহ কুফল, শিশুদের মৌলিক অধিকার, শিক্ষার গুরুত্ব এবং নিরাপদ ভবিষ্যৎ গঠনে সমাজের সকলের দায়িত্ব সম্পর্কে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা হয়। 

এলাকার ইমপ্যাক্ট প্লাস দলের সদস্যরা এই বাস্তবধর্মী নাটিকাটি সুন্দরভাবে পরিবেশন করেন যা উপস্থিত দর্শকদের গভীরভাবে মুগ্ধ করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।তিনি তাঁর বক্তব্যে বলেন যে বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশের পথে একটি বড় সামাজিক বাধা। এ ধরনের জটিল সামাজিক সমস্যা প্রতিরোধে কেবল আইনি ব্যবস্থা নয় বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। 

নাটিকায় বাস্তবধর্মী ঘটনার মাধ্যমে তুলে ধরা হয় কীভাবে একটি অনাকাঙ্ক্ষিত বিয়ে কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর স্বপ্নকে আজীবনের জন্য বাধাগ্রস্ত করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, চাইল্ড প্রোটেকশন অফিসার সরলা মুর্মু, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ মিলন হোসেন ও শ্যামল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।