বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ৫ শতাধিক শিশুর মাঝে উপহার দিল ওয়ার্ল্ড ভিশন

মোঃ আরিফ ইসলাম

জুন ১৮, ২০২৬, ০৯:২২ পিএম

বীরগঞ্জে ৫ শতাধিক শিশুর মাঝে উপহার দিল ওয়ার্ল্ড ভিশন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ৫০৪ জন নিবন্ধিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের বড়বোচাপুকুর গ্রামে বুধবার বিকাল ৪টায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র পরিবারের শিশুদের হাতে এই বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

হতদরিদ্র পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক দায়বদ্ধতা বাড়াতে এই মানবিক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, স্পন্সরশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার সরলা মুর্মু এবং স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র রায়। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস তাঁর বক্তব্যে বলেন যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রশংসনীয় কাজ করে আসছে। গ্রামীণ জনপদে সাধারণ মানুষের মাঝে সঞ্চয়মুখী অভ্যাস গড়ে তোলার পাশাপাশি স্বনির্ভরতা অর্জনে সংস্থাটির বিভিন্ন পরামর্শ ও সহায়তা প্রদান কার্যক্রম সত্যিই সন্তোষজনক।

অনুষ্ঠান শেষে উপহার সামগ্রী পেয়ে নিবন্ধিত শিশুদের মাঝে এক আনন্দের আমেজ তৈরি হয় এবং অভিভাবকেরা আয়োজক কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের মতে এই ধরণের কল্যাণমূলক মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক অবদান রাখবে।