সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় মতবিনিময়

মো: মামুনুর রশিদ

জুন ২৫, ২০২৬, ০৩:৫২ পিএম

দিনাজপুরে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় মতবিনিময়

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের অনাগ্রসর প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। শহরের সুইহারী এলাকার এনজিও ফোরাম প্রশিক্ষণ কক্ষে দলিত যুবকদের মর্যাদা প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা বা জেএসকেএস আয়োজিত এই সভায় কমিউনিটি স্কোর কার্ডের ফলাফল উপস্থাপন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় কাজ করছে সরকার।উক্ত আলোচনা সভায় বক্তারা জানান, অনগ্রসর সমাজকে অবহেলার আড়াল থেকে বের করে আনতে মাতৃকালীন ভাতা ও বয়স্ক ভাতার মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। 

সরকারি ও বেসরকারি উদ্যোগের সঠিক সমন্বয়ের মাধ্যমে হরিজন ও দলিত সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। যুব নেতৃত্বের বিকাশের মাধ্যমে এই জনগোষ্ঠীর তরুণদের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন আলোচকেরা। একই সাথে সেবা গ্রহণকারী সাধারণ মানুষ এবং সেবা প্রদানকারী সরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।জেএসকেএস-এর নির্বাহী পরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোরশেদ আলী খান। 

এছাড়া সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম এবং শেখপুরা ইউনিয়নের প্রশাসক ডাক্তার মো. রাশেদ উপস্থিত থেকে তাদের প্রাতিষ্ঠানিক মতামত তুলে ধরেন। তৃণমূলের অধিকার নিশ্চিত করার এই প্রক্রিয়ায় স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্যকর্মীরাও অংশ নেন।মুক্ত আলোচনায় দলিত ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সামাজিক ও অর্থনৈতিক সংকটের নানা দিক তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মর্জিনা রূপা।