মোজাম্মেল হক
জুন ২৫, ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিবরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সামাজিক সাফল্য উদযাপিত হয়।
প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একটি পুরো ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
তিনি বাল্যবিবাহের ক্ষতিকর শারীরিক ও মানসিক প্রভাব তুলে ধরে বলেন, মেয়েদের শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার সাধন দাস এই সামাজিক আন্দোলনকে টিকিয়ে রাখার আহ্বান জানান। বক্তারা প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করতে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষভাবে জোর দেন।
উক্ত গৌরবময় ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় শিশু ফোরামের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুল উৎসাহের সাথে উপস্থিত ছিলেন। তারা সমাজের এই ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এই ঘোষণা অন্যান্য ইউনিয়নগুলোর জন্যও একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
কর্মকর্তাদের মতে, বাল্যবিবাহ প্রতিরোধে নেওয়া এ ধরনের তৃণমূলমুখী উদ্যোগ গ্রামীণ জনপদে স্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করবে। এর ফলে কোমলমতি শিশুদের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি একটি সুন্দর ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।