জুন ২৭, ২০২৬, ০২:২৭ পিএম
দিনাজপুর শহরের ওয়েলকাম ফুড রেস্তোরাঁ প্রাঙ্গণে ২০২৫-২০ সালের হাজীদের পুনর্মিলনী এবং বিশেষ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আলহাজ্ব মো. আব্দুস সালাম হজ গ্রুপ ও হজ মুয়াল্লিমের সার্বিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাডিটাল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ঢাকার চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
পবিত্র ওমরাহ ও হজের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতেই এই মিলনমেলার আয়োজন।অনুষ্ঠানে জারা এভিয়েশন প্রাইভেট লিমিটেড ঢাকার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব মো. আব্দুস সালাম হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে প্রধান হজ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আলহাজ্ব মো. ফকরুল ইসলাম জিহাদী। দ্বিতীয় হজ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মো. আজিজুল ইসলাম দিনাজপুরী। এছাড়া উপস্থিত অন্যান্য উমরাহ হজ যাত্রী ও হাজিরা অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সালাম জানান, আগামী ১২ জুলাই তারা দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পরবর্তীতে ১৩ জুলাই ৫০ জন উমরাহ হজ যাত্রীকে নিয়ে ১৫ দিনের সফরে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তারা। ওমরাহ হজ যাত্রীদের পবিত্র মক্কা ও মদিনায় থাকা, খাওয়া এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো জিয়ারতের জন্য সব ধরনের সুব্যবস্থা করা হয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন