শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

এনামুল মবিন(সবুজ)

জুন ৩০, ২০২৬, ০৮:৪৬ পিএম

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। ৩০ জুন মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করা হয়। চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ সহযোগিতায় এই অপরাধ দমন অভিযান পরিচালিত হয়।সাজাপ্রাপ্ত ৪ ব্যক্তিকে ইতিমধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সকালে উপজেলার পুনট্টি ইউনিয়নের কামারপাড়া এলাকা থেকে আল আমিন নামে এক ১৯ বছর বয়সী তরুণকে মাদকসেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একই দিনে উপজেলার মুসা শাহার বাজারে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার জাকারিয়া হোসেনকে আটক করা হয়। এছাড়া আউলিযাপুকুর ইউনিয়নের দেবিগঞ্জ বাজার থেকে ভূষণ রায় নামে আরেক তরুণকে মাদক সেবনের সময় আটক করা হয়। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।