জুলাই ৪, ২০২৬, ০৫:৪৩ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে জি আর (GR) চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে মোট এক হাজার পরিবারের মাঝে সর্বমোট ত্রিশ হাজার কেজি বা ৩০ টন চাল বিতরণ করা হয়েছে।
সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।শনিবার ১২টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা সরকারের দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই ত্রাণ সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা কিছুটা লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম। এতে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো. আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। ভবিষ্যতে ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন