জুলাই ৪, ২০২৬, ০৯:৩৭ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটসের আয়োজনে শনিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধে চারপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় দিনাজপুর জেলা স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদ উল আলম, উপজেলা স্কাউটস সম্পাদক আফছার আলী, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইড ও কাব সদস্যরাও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশ নেওয়া সদস্যরা নিজ নিজ এলাকায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মসূচির শেষ পর্যায়ে উপজেলা প্রধান ডাকঘর চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এরপর বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয় এবং অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসনের এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন