শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো: মামুনুর রশিদ

জুলাই ৫, ২০২৬, ০৪:৫৪ পিএম

বোচাগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।প্রতিযোগিতায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কে বিপক্ষ দলের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্ব অর্জন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস এম জসীম উদ্দিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ওয়াহিদা ফারজানা ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মারুফ হাসান দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝে সততা ও নৈতিকতার বীজ বপন করতে পারলে দেশ দুর্নীতিমুক্ত হবে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী মানসিকতা নিয়ে বেড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। সবশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পক্ষ ও বিপক্ষ উভয় দলের বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।