বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগ

মো: মামুনুর রশিদ

জুলাই ৫, ২০২৬, ০৫:০৭ পিএম

বিরলের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগ

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিরল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল ইসলাম।ইতিহাস ও ঐতিহ্য সংকলনের তথ্য যাচাইয়ে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডহাট মহাবিদ্যালয়ের প্রভাষক বিধান দত্ত। সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা উপজেলার আদি ইতিহাস, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায় এবং প্রাচীন আমলের নানাবিধ কীর্তি লিখিত আকারে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

বিরলের হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি, ঐতিহ্যবাহী মেলা এবং ঐতিহাসিক স্থানগুলোকে চিহ্নিত করে একটি সমৃদ্ধ ‍‍`ইতিহাস ও ঐতিহ্য সংকলন‍‍` প্রকাশের বিস্তারিত পরিকল্পনা করা হয়। সভার আলোচকরা মনে করেন, এই সংকলনটি কেবল একটি গ্রন্থ নয়, বরং এটি বিরল উপজেলার একটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রেজাউল ইসলাম বলেন, একটি অঞ্চলের পরিচয় লুকিয়ে থাকে তার ইতিহাসের মাঝে। তিনি বিরলের গৌরবময় ইতিহাস নির্ভুলভাবে সংকলনের কাজে জড়িত সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত সুধীজন উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংকলন প্রকাশের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।