শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ২

জাহিদ হাসান

জুলাই ৫, ২০২৬, ০৭:২৫ পিএম

বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ২

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। রোববার উপজেলার উত্তর সুজালপুর এবং দলুয়া বাজার সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহত আলহাজ্ব রাজিউর রহমান রবি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে দেবীপুর গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় উত্তর সুজালপুর এলাকায় অজ্ঞাত একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, বিকেলে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দলুয়া বাজার সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি ট্রাক একটি চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সকাল বর্মন নামে এক নারী নিহত হন। তিনি উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের জামিনী বর্মনের স্ত্রী। এ ঘটনায় নিহত নারীর শিশুপুত্র তুষার ও ভ্যানচালক আপেলকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক নেহার রঞ্জন সরকার জানান, ভ্যানযোগে ঠাকুরগাঁওয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।