সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

চিকিৎসকের কাছে যাওয়ার আগেই নিভে গেল মা-ছেলের জীবন

মোঃ আরিফ ইসলাম

জুলাই ৭, ২০২৬, ১১:৪৪ এএম

চিকিৎসকের কাছে যাওয়ার আগেই নিভে গেল মা-ছেলের জীবন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট পাঁচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক এবং নিহত নারীর স্বামী মো. নাজমুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ওই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাহারোল উপজেলার মালগ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে ভোরে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। তাদের গন্তব্য ছিল ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় একজন চিকিৎসকের চেম্বার। পথিমধ্যে কবিরাজহাট পাঁচপীর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুল ইসলামের স্ত্রী ও ছেলে প্রাণ হারান।

গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ওই পিকআপটি শনাক্ত ও জব্দ করতে পুলিশ মাঠে কাজ করছে। মর্মান্তিক এই মৃত্যুতে নিহতদের গ্রামের বাড়িতেও মাতম চলছে।