বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত

মোঃ আরিফ ইসলাম

জুলাই ৭, ২০২৬, ০৩:০৬ পিএম

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট পাঁচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী ও ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাজমুল ইসলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে কবিরাজহাট পাঁচপীর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

ঘটনায় আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বীরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার পর থেকে ঘাতক পিকআপটি শনাক্ত ও চালককে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।