জুলাই ৭, ২০২৬, ০৩:৫৪ পিএম
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের লিলির মোড় এলাকার একটি কনফারেন্স রুমে জেলা বিএফএ ইউনিটের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
দিনাজপুর জেলা বিএফএ ইউনিটের সভাপতি সুজাউর-রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ও মোশারফ গ্রুপের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, কৃষি খাতের প্রসারে বিএফএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে সরকারের সঙ্গে সমন্বয় রেখে এই এসোসিয়েশন আরও কার্যকরভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনে তাকে এবং প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ইউনিটের সহ-সভাপতি মো. মোসাদ্দেক হোসেন। এ সময় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মোবারক হোসেন বাচ্চু, বিএফএ-এর সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোমিন সরকার ও সাবেক সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএফএ জেলা ইউনিটের সহ-সভাপতি মো. জাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাবেক পরিচালক এম রেজাউল করিম রঞ্জু, জেলা ইউনিটের কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন এবং বিরল উপজেলা ইউনিটের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেনসহ বিভিন্ন উপজেলার ডিলার ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ ও ডিলারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন